বাগেরহাটে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন

বাগেরহাটে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন

সংগৃহীত

বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনিরঘোলে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ক্যাম্পেইনে স্থানীয় ১৩৩ জন মানুষ চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী পেয়েছেন।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য বাসসকে জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ ক্যাম্পেইনে ১৩৩ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।