বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ

বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ

সংগৃহীত

বান্দরবান জেলায় গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এবং ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রহমান।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে এবং বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়বে। এর ফলে গ্রাম পুলিশ আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে উঠবে।