কেরানীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে যানজট নিরসন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ছাড়া এলাকায় গড়ে ওঠা অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় পথচারীরা জানান, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। ফুটপাত দখল থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতো। আব্দুল্লাহপুরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে এ উদ্যোগের সুফল ধরে রাখতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।