চট্টগ্রামে খাবার তৈরিতে ভেজাল, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য তৈরির কারখানায় খাবারের মধ্যে ময়লা, খাবার তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ এবং পোড়া তেল ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরেক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) নগরীর আতুরার ডিপো এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ড্রিপ্স নামের প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং অত্যন্ত অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত, প্রস্তুত ও প্যাকেজিংয়ের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া খাবার তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখা যায়। মিষ্টির কাঁচামালে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা ও মানুষের চুল। এ জন্য প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকায় ডক্টরস ডায়াগনস্টিক নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।