‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন আইন’ মন্ত্রিসভায় অনুমোদন
সংগৃহীত
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং দেশীয় শিল্পের সুরক্ষায় ‘পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন আইন ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব জানান, সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো হিসেবে ২০০৬ সালের আইনটি ব্যবহৃত হয়ে আসছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি অধ্যাদেশের মাধ্যমে এতে কিছু সংশোধনী আনা হয়।
এখন সেই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে সংসদে তোলার জন্য মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হলো।
এই সংশোধনীর মূল লক্ষ্য হলো, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা এবং নতুন, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নারী ও সুবিধাবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা।
এছাড়া, উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সীমিত দরপত্র পদ্ধতির যৌক্তিক ব্যবহার, পেশাগত অসদাচরণের শাস্তির বিধান স্পষ্টকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থা চালুর মতো যুগোপযোগী বিধান এই আইনে যুক্ত করা হয়েছে।