ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের আইন ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন। ক্যালিফোর্নিয়ার প্রায় ২০ হাজার নিবন্ধিত ভোটারের পোস্টাল ব্যালট (ডাকযোগে আসা ভোট) আলাদা করে রাখার দাবিতে ট্রাম্প প্রশাসনের করা একটি জরুরি আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ফেডারেল কর্তৃপক্ষ এই ভোটারদের অনাগরিক বলে সন্দেহ করেছিল।

সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্ট এক সংক্ষিপ্ত আদেশে জানায়, ‘বিচারপতি কগানের কাছে উপস্থাপিত ও তার মাধ্যমে আদালতের কাছে পাঠানো আপিল মুলতবী রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদনটি খারিজ করা হলো।”

এর আগে সোমবারই ট্রাম্প প্রশাসন দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে। তারা ওই ভোটারদের নাগরিকত্ব যাচাই হওয়ার আগে তাদের ভোটগুলো গণনা করা থেকে বিরত রাখতে বিচারপতিদের অনুরোধ জানিয়েছিল।

ফেডারেল কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ার নিবন্ধিত ২০ হাজারেরও বেশি ভোটারকে চিহ্নিত করেছিল যাদের তারা অনাগরিক বলে সন্দেহ করছিল। প্রশাসন যুক্তি দিয়েছিল, নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের উচিত ওই ভোটারদের ব্যালটগুলো সাময়িকভাবে আলাদা করে রাখা।

তবে আদালতের এই রায়ের ফলে সেই ব্যালটগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ীই গণনার পথ উন্মুক্ত হলো।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণ করবেন ভোটাররা। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি