৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার ‘চিহ্নিত মাদক কারবারি’ গ্রেফতারa
প্রতিকি ছবি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালদিঘী এলাকা থেকে ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল আমিন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকালে একটি পিকআপ ভ্যানে করে নেত্রকোনা থেকে ফেনসিডিল পাচারের সময় তাকে আটক করা হয়।
আল আমিন নেত্রকোনা থেকে পাশের জেলা ময়মনসিংহের ফুলপুর দিয়ে মাদক পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঘটনাস্থল থেকে মাদকসহ গ্রেফতার করা হয়। আল আমিনের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারকান্দা গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, ‘গোপন সংবাদের খবরে জানা যায় অপরিচিত সড়ক দিয়ে মাদকের চালান যাচ্ছে। এই খবর পেয়ে অভিযান পরিচালনা করে কুখ্যাত এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘আল আমিনের বিরুদ্ধে মাদকের আরও ভয়াবহ অভিযোগ রয়েছে। সে চিহ্নিত একজন মাদক কারবারি। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে। এমন অভিযান চলমান থাকবে।’
এ ঘটনায় গ্রেফতার কারবারির বিরুদ্ধে তারাকান্দা থানায় উপ-পরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে দুপুরে নেত্রকোনায় আসামিসহ জব্দ করা প্রায় ২০ লাখ টাকার অধিক মূল্যের মাদক নিয়ে আসা হয় দপ্তরে। মামলা শেষে তাকে মালামালসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।