প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে মৃত্যু
প্রতীকী ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নিহত আলী মুসা শেখ মৌভোগ গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।