২০২৬ সালের দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ
ছবিঃ সংগৃহীত।
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় শিক্ষার্থীদের নাম ও সংশ্লিষ্ট তথ্য দেখে বৃত্তির ফল জানা যাবে।
বোর্ড জানায়, সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী বৃত্তির তালিকা তৈরি করা হয়েছে। নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা মেধাবৃত্তি এবং ন্যূনতম জিপিএ-৩ পাওয়া শিক্ষার্থীরা সাধারণ বৃত্তির জন্য বিবেচিত হয়েছেন। এ ক্ষেত্রে চতুর্থ বিষয় গণনায় ধরা হয়নি।
বৃত্তি বণ্টনে ছাত্র ও ছাত্রীর অনুপাত রাখা হয়েছে ৫০:৫০। সাধারণ ও বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর অনুপাত অনুযায়ী ৩:২ হারে বৃত্তি দেওয়া হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ কোর্সের মেয়াদ অনুযায়ী এককালীন বার্ষিক অর্থ ও নির্ধারিত হারে মাসিক বৃত্তি পাবেন। এ অর্থ সরকারের ‘জিটুপি’ পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
এ জন্য ভর্তির সাত দিনের মধ্যে অনলাইন ব্যাংকিং সুবিধাসম্পন্ন ব্যাংকে হিসাব খুলে নম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শুধু নিয়মিত পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ শিক্ষার্থীরাই বৃত্তির যোগ্য হবেন। অনিয়মিত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন না।