শাস্তি কমল নেইমারের, পরের ম্যাচেই ফিরছেন মাঠে

শাস্তি কমল নেইমারের, পরের ম্যাচেই ফিরছেন মাঠে

সংগৃহীত ছবি

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জন্য স্বস্তির খবর পেল সান্তোস। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করায় আগামী ১৮ নভেম্বর কোরিতিবার বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাজিলের সুপিরিয়র স্পোর্টস জাস্টিস ট্রাইব্যুনাল নেইমারের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন তিনি। ফলে পরবর্তী ম্যাচে খেলতে আর কোনো বাধা নেই সান্তোস অধিনায়কের।

গত ২৪ অক্টোবর ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন নেইমার। ওই ঘটনায় প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বলার বিষয়টি ‘ভিনিসিয়ুস জুনিয়র প্রোটোকল’ হিসেবে বিবেচিত হয়। পরে ক্রীড়া আদালত তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

এ ছাড়া ওই ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখায় পালমেইরাস ও রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে সান্তোসের আপিলের পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করায় তাঁর ফেরার পথ খুলেছে।

আগামী ১৮ নভেম্বর ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ৩৫তম রাউন্ডে কোরিতিবার মাঠ কুতো পেরেইরায় মুখোমুখি হবে দুই দল। মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন সান্তোসের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করবে।