ফেনীতে স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

ফেনীতে স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

সংগৃহীত

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আজ বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠক/উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত কোর্স উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের দাগনভূঞা উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস-এর দাগনভূঞা উপজেলার কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস-এর ফেনী জেলা সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, স্কাউটসের সম্পাদক খিজির আহমেদ পলাশ ও উপজেলা কাব লিডার ছালেহ উদ্দীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে। ষষ্ঠক নেতা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউটরা নিজেদের দল পরিচালনার পাশাপাশি অন্যদের নেতৃত্ব দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কোর্সে দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করছেন। কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দল পরিচালনা, নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।