মহাকাশ থেকে ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

মহাকাশ থেকে ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

ফাইল ছবি

ভোট দেওয়ার সাধারণ রীতি হলো সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া। তবে সেই নিয়মে ব্যতিক্রম ঘটালেন তিন ব্যক্তি। সম্প্রতি তিন মহাকাশচারী পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) বসেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন।

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত আরও দুই মার্কিন নভোচারী চলমান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মহাকাশ থেকেই সফলভাবে ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) মহাকাশ থেকে নিজেদের ভোট ইলেকট্রনিক পদ্ধতিতে পাঠান তারা। 

এ প্রক্রিয়ায় মহাকাশচারীরা মহাকাশ স্টেশনেই একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট পান। এরপর স্টেশনের ভেতরের একটি ল্যাপটপে সেই ব্যালট পূরণ করে নাসার সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা পৃথিবীতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। 

গত মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে এই অভিনব ভোটদান প্রক্রিয়ার একটি ঝলক দেখিয়েছেন অনিল মেনন।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, তিনি তার ক্রু কোয়ার্টারে রয়েছেন, যা সেদিন একটি ভোটকক্ষ হিসেবে কাজ করছিল। তিনি জানান, তিনি টেক্সাসের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন। 

ভিডিওতে 'আই ভোটেড' স্টিকারও দেখান তিনি। মেনন লেখেন, মহাকাশ থেকেও ভোট দেওয়া সম্ভব। তিন মার্কিন মহাকাশচারীই ইলেকট্রনিক ব্যালট পূরণ করে নিরাপদে নির্বাচনি আধিকারিকদের কাছে পাঠিয়েছেন।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং কক্ষপথ থেকে নভোচারীদের ভোট দেওয়ার ক্ষমতা দেখে অনেকে রীতিমতো অবাক। 

অবশ্য কক্ষপথ থেকে ভোট দেওয়া নতুন কোনো বিষয় নয়। টেক্সাস আইনসভা মহাকাশচারীদের মহাকাশ থেকে ভোট দেওয়ার অনুমতি দিয়ে একটি বিল পাশ করার পর ১৯৯৭ সাল থেকেই নাসা এই ব্যবস্থা চালু করেছে। 

নাসার 'নিয়ার স্পেস নেটওয়ার্ক'-এর মাধ্যমে এনক্রিপ্ট করা অবস্থায় ভোট পাঠানো হয়। ভোটের গোপনীয়তা রক্ষায় তা কেবল সংশ্লিষ্ট মহাকাশচারী ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি আধিকারিক দেখতে পারেন।

সূত্র: এনডিটিভি