শরীয়তপুর পৌরসভার অর্ধেকের বেশি সড়কবাতি নষ্ট, অন্ধকারে নগরবাসী
ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শরীয়তপুর পৌরবাসী। পর্যাপ্ত নিরাপদ পানির অভাব, যত্রতত্র ময়লা-আবর্জনা ও সড়কবাতির সংকটে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। পৌরসভার বিভিন্ন সড়কে স্থাপিত ল্যাম্পপোস্টের অধিকাংশ বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লার অনেক সড়ক ডুবে যায় অন্ধকারে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চুরি-ছিনতাইসহ নিরাপত্তাঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার অর্ধেকের বেশি সড়কবাতি নষ্ট। সরেজমিনে দেখা যায়, প্রধান সড়ক ও আবাসিক এলাকার অনেক স্থানে দীর্ঘ দূরত্ব পরপর দু-একটি বাতি জ্বলছে। কোথাও ল্যাম্পপোস্ট থাকলেও বাতি নেই, আবার কোথাও দীর্ঘদিন ধরে বাতি নষ্ট হয়ে পড়ে আছে। বর্ধিত পৌর এলাকার পাড়া-মহল্লার সড়কগুলোতে এ সমস্যা আরও প্রকট। ফলে অনেক এলাকায় সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা বাদল খান ও নাইম শেখ বলেন, ছয়-সাত বছর আগে তাঁদের এলাকায় সড়কের পাশে কিছু দূর পরপর ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। কিন্তু বাতি লাগানোর এক থেকে দেড় বছরের মধ্যেই প্রায় সব বাতি নষ্ট হয়ে যায়। এরপর আর সেগুলো সচল করা হয়নি। সন্ধ্যার পর আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে নিয়মিত কর দিয়েও তাঁরা নাগরিক সুবিধা পাচ্ছেন না।
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিশোর কোতোয়াল ও লিটন কুমার বলেন, এক বছরের বেশি সময় ধরে তাঁদের মহল্লার গলি ও সড়কগুলোতে বাতি জ্বলে না। সন্ধ্যা হলেই পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। তাঁদের অভিযোগ, সড়কবাতি না থাকায় এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে।
বটতলা মোড়ের ফল বিক্রেতা আনোয়ার বলেন, দোকানপাট বন্ধ হয়ে গেলে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকানের সামনে আলো জ্বালিয়ে রাখেন।
পৌরসভার চৌরঙ্গীর মোড়, বটতলা, ডাকঘর সড়ক ও নিরালা আবাসিক এলাকায় প্রায় দুই হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের চলাচল থাকে। অথচ বাজার এলাকার অধিকাংশ সড়কেই পর্যাপ্ত আলো নেই। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের বাতির আলোয় পথ চলতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ, শর্টসার্কিট কিংবা ট্রান্সফরমারে বিস্ফোরণের কারণে অনেক সময় সড়কবাতি নষ্ট হয়। আবার কোথাও ইট ছুড়ে বাতি ভাঙা এবং চুরির ঘটনাও ঘটে। ল্যাম্পপোস্টের বাতি নষ্ট হলে তা সংস্কার করা একটি চলমান প্রক্রিয়া।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মো. ওয়াহিদ হোসেন বলেন, শুধু সড়কবাতি নয়, পৌরসভায় আরও অনেক সমস্যা রয়েছে। নতুন করে ২০০টি স্ট্রিট লাইট স্থাপনের কাজ চলমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার বাজেট অনুযায়ী নাগরিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে