কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে ট্রাকচালকের মো.ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও হেলপারের মো. সোহরাব (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে মালামাল নিয়ে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একই লেনে চলাচলকারী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকের কেবিন থেকে দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপেøক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার এসআই আব্দুল মতিন বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।