ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রতিকি ছবি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টার দিকে জেলা শহরের টি.এ রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন।
এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য আরও সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।