বাগেরহাটে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। 

বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, প্রাক্তন সভাপতি এম এ সালাম,এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন, জাতীয় সংহতি এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, জাতীয় জীবনে বিভেদ ও মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস, তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে হবে, যাতে তারা দেশের ইতিহাস ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জোহরের নামাজের পর জেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাগেরহাট সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির উদ্যোগে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া বিকেলে বাগেরহাট স্টেডিয়াম মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বাগেরহাট পৌরসভা এলাকার সড়কদ্বীপ ও বিভিন্ন সড়ক জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়।