আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৩ ভারতীয় নাগরিক নিহত
ছবিঃ সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভারতীয় প্রবাসী পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাই-বোন এবং তাদের তিন বছর বয়সী ভাগ্নে রয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
নিহতরা হলেন—২১ বছর বয়সী মোহাম্মদ আসমি সিদ্দিক ও তার যমজ বোন মিসনা জুবিন সিদ্দিক এবং তাদের তিন বছর বয়সী ভাগ্নে মোহাম্মদ ফয়েজ। তারা ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা সিদ্দিক থুপ্পিলিক্কাটের চার সন্তানের মধ্যে সবার ছোট। নিহত শিশুটি ছিল সিদ্দিকের বড় মেয়ের ছেলে।
সংবাদমাধ্যমকে সিদ্দিক জানান, বুধবার রাত ১১টার দিকে ফুজাইরা কোর্ট হাউসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা শারজাহ থেকে ফুজাইরায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে মোহাম্মদ আসমি সিদ্দিক, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় সিদ্দিকের স্ত্রী, বড় মেয়ে এবং বড় মেয়ের অন্য দুই সন্তান আহত হয়েছেন।
তবে বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে ফুজাইরা পুলিশ জানায়, ফুজাইরায় প্রবেশের পথে শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি লরি ও কয়েকটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতের কিছু সময় পর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়।
পাশাপাশি দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ।