ইউপি ভোটে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেল ইসি
ফাইল ছবি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেল নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট কিংবা তাঁদের নির্দেশে বা পক্ষে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন নির্বাচনী আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করলে বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্ত শেষে প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।
বুধবার এ-সংক্রান্ত সংশোধনী গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ২০-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬’-এর বিধি ৩১-এর উপ-বিধি (১) ও (২) প্রতিস্থাপন করে এ সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত বিধানে বলা হয়েছে, আচরণবিধির অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড কিংবা লিখিত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের যদি এ মর্মে ‘নিকট প্রত্যয়মান’ হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন ওই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে।
শুধু অভিযোগ পাওয়ার মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকছে না। সংশোধিত বিধানের দ্বিতীয় অংশে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি সন্তুষ্ট হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট কিংবা তাঁর নির্দেশে বা তাঁর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেছে বা লঙ্ঘনের চেষ্টা করেছে, তাহলে কমিশন লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে ইসির হাতে এখন সরাসরি প্রার্থিতা বাতিলের আইনি ক্ষমতা বিশেষ করে প্রার্থীর হয়ে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার দায়ও প্রার্থীর ওপর বর্তাতে পারে।
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার, আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি দেখানো কিংবা নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ ঠেকাতে এই সংশোধনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কমিশনের এই ক্ষমতা প্রয়োগে তদন্তের নিরপেক্ষতা ও প্রমাণের গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
গেজেটে বলা হয়েছে, সংশোধিত বিধানটি অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।