সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনসামগ্রী, ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত ১৩ ও ১৪ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা, কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা আইসিপি এলাকা থেকে ৭৪ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী, কাকডাঙ্গা বিওপির আওতাধীন ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং তলুইগাছা বিওপির আওতাধীন চারাবাড়ি এলাকা থেকে ২ লাখ ১৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের সিম স্লট ও মাউথ স্পিকার জব্দ করা হয়।

অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।