ঝালকাঠিতে নারী ও শিশু সুরক্ষায় অবহিতকরণ কর্মশালা

ঝালকাঠিতে নারী ও শিশু সুরক্ষায় অবহিতকরণ কর্মশালা

সংগৃহীত

ঝালকাঠি জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’ (পিভিএইচপি) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জেলা পর্যায়ের এ কর্মশালায় নারী শিক্ষা প্রসারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা এবং এসব বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। পাশাপাশি কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতি তারা গুরুত্বারোপ করেন।