পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, মূল হোতাসহ গ্রেফতার ৮

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, মূল হোতাসহ গ্রেফতার ৮

প্রতিকি ছবি

 

ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের প্রধানসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার ভোরে ঝালকাঠি সদর উপজেলার সুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। বাধা দেওয়ায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র ও শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ডাকাতেরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার, মুঠোফোন, টর্চলাইটসহ প্রায় ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে। এ ঘটনায় নলছিটি থানায় মামলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৮।

এসআরবি জানায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতির চেষ্টার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় পালিয়ে আসা সন্দেহভাজন ব্যক্তিরা ঝালকাঠিতে আশ্রয় নেন। গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে সুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের প্রধান রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জামিল হাওলাদার, ছারছীনা দরবার শরিফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।

অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ও পাঁচটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।