মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা-আগুন
সংগৃহীত ছবি
ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন। পরে ভেতরে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে তারা সেখান থেকে চলে যান। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।