কুয়েত-বাহরাইনের বিভিন্ন স্থাপনায় ইরানের হামলা

কুয়েত-বাহরাইনের বিভিন্ন স্থাপনায় ইরানের হামলা

সংগৃহীত ছবি

কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ড্রোনগুলো কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

যদিও কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলাগুলোকে প্রতিহত করেছে। অন্যদিকে, বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কোনো দেশই তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি।

প্রায় দুই মাস বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে বারবার লক্ষ্যবস্তু করছে। পারস্য উপসাগরের ছোট এই দ্বীপরাষ্ট্রটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। প্রায় নয় মাস ধরে চলমান এই যুদ্ধের প্রেক্ষাপটে স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) ভোরবেলা এসব হামলা চালানো হয়।

এর আগের দিন মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের রেভল্যুশনারি গার্ডের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের ওই হামলাটি ছিল তার আগের দিন, মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলার পাল্টা জবাব।

ইরান জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে শুক্রবার ও রবিবার বাহরাইনে অন্যান্য মার্কিন স্থাপনায় চালানো হামলাও অন্তর্ভুক্ত ছিল ছিল যুক্তরাষ্ট্রের ড্রোন নজরদারি কার্যক্রম এবং দেশটির যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া।
এই পাল্টাপাল্টি হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার তেল আবিবে ইসরায়েলের সামরিক প্রধান আইয়াল জামির এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যানের সঙ্গে বৈঠক করেছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।