বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদের ইন্তেকাল
ছবি: সংগৃহীত
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর বগুড়া মহানগরের নারুলি ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পদ্মপাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠককে হারাল। দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।