ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য পূরণে রাজস্ব সংস্কারের বিকল্প নেই
ছবি: সংগৃহীত
রাজস্ব আয় কম থাকা, অনুন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি খাতের আর্থিক চাপে বাংলাদেশে উন্নয়ন ব্যয়, বিশেষ করে মানবসম্পদ ও অবকাঠামো খাতের বিনিয়োগ মারাত্মকভাবে সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে পৌঁছানোর সরকারি লক্ষ্য অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরতে হলে রাজস্ব খাতের সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল স্তম্ভ হিসেবে গ্রহণ করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক এ পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য অর্থনীতি পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে পারছে না। বর্তমানে কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং মোট কর্মসংস্থানের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি খাতে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টির গতি মন্থর হয়ে পড়েছে।
দেশের রাজস্ব আহরণের চিত্রকে অত্যন্ত নাজুক উল্লেখ করে বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ এবং মোট রাজস্ব আয় ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। রাজস্ব স্বল্পতার কারণে সরকারি বিনিয়োগও সংকুচিত হয়ে পড়েছে। ২০২২ অর্থবছরে মূলধনি ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা সমকক্ষ দেশগুলোর তুলনায় অনেক কম।
অন্যদিকে, ঋণের সুদ পরিশোধের ব্যয় ক্রমাগত বাড়ছে। ২০১৭ অর্থবছরে সুদ পরিশোধ বাবদ ব্যয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থাকলেও ২০২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে বলে প্রাক্কলন করা হয়েছে। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে সংকুচিত করছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি আর্থিক খাতের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ অর্থবছরে এই খাতে ভর্তুকি জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এ চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর্থিক সক্ষমতা বাড়াতে প্রতিবেদনে বেশ কিছু জরুরি ও পর্যায়ক্রমিক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কর নীতিকে কর প্রশাসন থেকে আলাদা করা, ডিজিটাল ব্যবস্থার সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর মাধ্যমে রাজস্ব প্রশাসন আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া কর অব্যাহতির সুবিধা যৌক্তিক করা এবং ভ্যাট ও বাণিজ্য শুল্ক সংস্কারের পরামর্শ দিয়ে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছেছিল, যা প্রায় মোট কর রাজস্বের সমান।
জ্বালানি খাতের ঝুঁকি মোকাবিলায় নিয়মভিত্তিক ও ব্যয়-সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গঠনের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। তবে জ্বালানির মূল্য সমন্বয়ের সময় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে। তাই ঢালাও ভর্তুকির পরিবর্তে একটি শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা এবং ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত সহায়তার কার্যকারিতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা কমানো নয়।
বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, ভর্তুকির সঠিক ব্যবহার এবং জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থার সংস্কার করা গেলে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৫ সালের মধ্যে মোট রাজস্ব আয় ২০২৫ অর্থবছরের ৮ শতাংশ থেকে বেড়ে জিডিপির ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে, যেখানে সীমিত সংস্কারের ক্ষেত্রে তা ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এর ফলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করার সুযোগ তৈরি হবে এবং রাজস্ব ঘাটতি পুরো সময়জুড়ে ৫ শতাংশের নিচে থেকে ২০৩৫ সাল নাগাদ ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসবে।
সংস্কারের মাধ্যমে অর্জিত এই অতিরিক্ত অর্থ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ করা হলে তা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করবে এবং দেশে আরও বেশি ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করবে।