রাঙ্গমাটির রাজবন বিহারে দুদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব
সংগৃহীত
রাঙ্গামাটি জেলার বৌদ্ধ বিহার রাজবন বিহারে বেইন ঘর উদ্বোধন আর চরকায় সুতা কাটার মধ্য দিয়ে দুদিন ব্যাপী বৌদ্ধ ধর্মাবলন্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ৫০তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মঙ্গল সূত্রপাঠ করে বেইন ঘর উদ্বোধন করেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
এ সময় চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা রাজ পরিবারের বয়োজ্যেষ্ঠ অধ্যাপক কুমার সমিত রায়ের সমধর্মিনী জয়তি রায়।
আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিক্ষু সংঘের কাছে ২৪ ঘন্টায় তৈরীকৃত চীবর রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় প্রয়াত পার্বত্য ধর্মীয় গুরু বনভন্তে স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে শেষ হবে ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
পরে আবাসিক ভান্তেরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশ নেয়া পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
এ সময় রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, রাজবন বিহারের ৫০ তম শুভ
কঠিনচীবর দানানুষ্ঠানে পূর্ণার্থীদের যে পূণ্য সঞ্চয় হবে সেই পূর্ণ্যরে ফলে বাংলাদেশ ও পৃথিবীর শান্তি প্রার্থনা করা হবে। তিনি বলেন, এই উৎসব পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী নয় প্রতিটি ধর্মীয় জাতি গোষ্ঠীর প্রাণের উৎসবে পরিনত হয়েছে। আমরা এই উৎসেরব মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি।
কাল সকালে মুল অনুষ্ঠানের আগে প্রথমপর্বে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিন্ডদানের পর দুপুরে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু হবে। বেইন ঘর থেকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু করে বিহার এলাকা প্রদক্ষিণ করে রাজবন বিশ্বশান্তি প্যাগোডার পাশে বড় মাঠে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে কঠিন চীবরটির সঙ্গে বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, রাজবন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণে টাকাসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা। এছাড়া থাকবে ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের ধর্মীয় বক্তব্য।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর। প্রাচীন পূর্ণবর্তী নারী বিশাখা প্রবর্তিত নিয়ম ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সুতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চীবর দান বলা হয়।
তাই ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানে অংশগ্রহন করতে দেশি-বিদেশি, দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণার্থী এই এই উৎসবে সমবেত হন।