হাইতিতে পুলিশের অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত
ফাইল ছবি
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে এলাকাটি সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে পুলিশের বিশেষ গ্যাংবিরোধী ইউনিটের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের অংশ হিসেবে সাঁজোয়া যান নিয়ে মার্তিসাঁ এলাকায় প্রবেশ করে হাইতির জাতীয় পুলিশ। এ অভিযানের ভিডিও প্রকাশ করেছে দেশটির পুলিশ বিভাগ। তারা জানায়, অভিযানে অংশ নেওয়া বিশেষ বাহিনীর সঙ্গে ছিলেন ভেক্টাস গ্লোবালের সদস্যরাও। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স, যিনি এর আগে ব্ল্যাকওয়াটার প্রতিষ্ঠা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযানে নিহত ৩৪ জন ছাড়া অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া হাইতিতে মোতায়েন থাকা এল সালভাদরের প্রায় আড়াই হাজার সেনার কেউ এই অভিযানে অংশ নেননি বলেও নিশ্চিত করেছে তারা।
মার্তিসাঁ এলাকাটি হাইতির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের যোগাযোগের অন্যতম প্রধান সড়কটি এই এলাকার পাশ দিয়ে গেছে। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ শুরু হওয়ার আগে প্রতিদিন হাজার হাজার মানুষ সড়কটি ব্যবহার করতেন।
জাতিসংঘের ২০২২ সালের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর অন্তত ১৯ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।
পরবর্তী সময়ে সড়কটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এ পথে চলাচল করতে চাওয়া ব্যক্তি ও যানবাহনের কাছ থেকে অর্থ আদায় শুরু করে তারা। এমনকি সড়ক ব্যবহারকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে রাজধানীতে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এদিকে হাইতির বিভিন্ন এলাকায় গ্যাংগুলোর আধিপত্য ভাঙতে জাতিসংঘের সমর্থনপুষ্ট গ্যাং দমন বাহিনীও অভিযান বাড়িয়েছে। বাহিনীটি জানিয়েছে, কয়েক মাস ধরে রাতের টহল এবং গ্যাং সদস্যদের অবস্থান শনাক্ত করার কার্যক্রম চালানোর পর তাবারে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, তাদের লক্ষ্য শুধু গ্যাং সদস্যদের কোনো এলাকা থেকে সরিয়ে দেওয়া নয়; বরং জনবসতিতে তাদের নিয়ন্ত্রণ বিলুপ্ত করা, দখল হয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধার এবং সেসব এলাকায় গ্যাংগুলোর পুনরায় ফিরে আসার পথ বন্ধ করা।
অন্যদিকে, দেশটির মধ্যাঞ্চলীয় আর্টিবোনাইট অঞ্চলে ন্যাশনাল রুট ৫-এর ওপর নির্মিত ব্যারিকেড অপসারণ এবং গ্যাং সদস্যদের খনন করা পরিখা ভরাটের অভিযানেও হামলার মুখে পড়েছে বাহিনীটি। গ্রোস-মর্ন শহরের উত্তরে এ কার্যক্রম চলাকালে গ্যাং সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানানো হয়েছে।
এক্সে দেওয়া সর্বশেষ বার্তায় বাহিনীটি জানায়, হামলার জবাবে তাদের সদস্যরা পাল্টা ব্যবস্থা নেন এবং গ্যাং সদস্যদের পিছু হটতে বাধ্য করেন।
মার্তিসাঁ এলাকায় পুলিশের এই অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যখন হাইতিতে গ্যাংবিরোধী কার্যক্রমে এল সালভাদরের সেনারাও যুক্ত রয়েছেন। গত ১৮ অক্টোবর পোর্ট-অ-প্রিন্সের কাছে অতর্কিত হামলার পর নিখোঁজ হন দেশটির বিমান চলাচল বিভাগের চার প্রযুক্তিবিদ। তাদের উদ্ধারে প্রথমে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
তবে নিখোঁজ চার প্রযুক্তিবিদকে উদ্ধারের উদ্দেশ্যে শুরু হওয়া অভিযান পরবর্তী সময়ে হাইতির সশস্ত্র গ্যাংগুলোর বিরুদ্ধে বৃহত্তর নিরাপত্তা অভিযানে রূপ নিয়েছে।
সূত্র: আল জাজিরা