ডায়াবেটিস রোগীদের কি সব সময় সুগার মাপতে হবে, জানালেন চিকিৎসক

ডায়াবেটিস রোগীদের কি সব সময় সুগার মাপতে হবে, জানালেন চিকিৎসক

ফাইল ছবি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। সাধারণত গ্লুকোমিটারের সাহায্যে আঙুলে সূঁচ ফুটিয়ে রক্তের নমুনা নিয়ে এই পরীক্ষা করা হয়।

তবে এতে শুধু নির্দিষ্ট মুহূর্তের শর্করার মাত্রা জানা যায়, দুই পরীক্ষার মধ্যবর্তী সময়ে তা কীভাবে ওঠানামা করছে, সেটি বোঝা যায় না। এ ক্ষেত্রে সহায়তা করতে পারে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম প্রযুক্তি।

সিজিএম এমন একটি পরিধানযোগ্য যন্ত্র, যা দিন-রাত কয়েক মিনিট পরপর শরীরের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে। তবে ডায়াবেটিসে আক্রান্ত সবার জন্য সার্বক্ষণিক এই পর্যবেক্ষণ প্রয়োজন কি না, তা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার ধরনের ওপর।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে মণিপাল হাসপাতাল, বিজয়ওয়াড়ার জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গিরিশ বাথিনা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

কীভাবে কাজ করে সিজিএম?

চিকিৎসক গিরিশ বাথিনার ভাষ্য অনুযায়ী, সিজিএম যন্ত্রে একটি ছোট সেন্সর থাকে, যা সাধারণত বাহুর ওপরের অংশে অথবা পেটের ত্বকের নিচে স্থাপন করা হয়। এটি ত্বকের নিচের তরলে থাকা গ্লুকোজের মাত্রা কয়েক মিনিট পরপর পরিমাপ করে। এরপর সেন্সরের তথ্য রিসিভার বা স্মার্টফোনে পাঠানো হয়।

ফলে ব্যবহারকারী দিনের পাশাপাশি রাতেও নিজের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করতে পারেন।

সাধারণ গ্লুকোমিটার পরীক্ষায় নির্দিষ্ট সময়ের শর্করার মাত্রা জানা যায়। অন্যদিকে সিজিএম প্রযুক্তিতে সময়ের সঙ্গে গ্লুকোজের মাত্রা কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার একটি ধারাবাহিক চিত্র পাওয়া যায়। এমনকি ঘুমের মধ্যেও রক্তে শর্করা অতিরিক্ত বেড়ে গেলে বা কমে গেলে সতর্কবার্তা দিতে পারে এই যন্ত্র।

কেন রক্তে শর্করার ওঠানামা পর্যবেক্ষণ জরুরি?

খাবার, ব্যায়াম, মানসিক চাপ, অসুস্থতা, ঘুম এবং ওষুধের প্রভাবে রক্তে শর্করার মাত্রা পরিবর্তিত হতে পারে।

যেমন, খাবারের আগে সুগারের মাত্রা স্বাভাবিক থাকলেও খাওয়ার পর তা অনেক বেড়ে যেতে পারে। আবার ব্যায়ামের সময় কিংবা রাতে ঘুমের মধ্যে শর্করা কমে যেতে পারে।

চিকিৎসক বাথিনা জানান, সিজিএম এসব পরিবর্তনের ধরন শনাক্ত করতে সাহায্য করে। এতে রোগী ও চিকিৎসক বুঝতে পারেন, দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। পাশাপাশি অনেক সময় যেসব উচ্চ বা নিম্ন শর্করার ঘটনা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না, সেগুলোও শনাক্ত করা সম্ভব হয়।

কারা সিজিএম ব্যবহার করলে বেশি উপকৃত হবেন?

চিকিৎসকের মতে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, দিনে একাধিকবার ইনসুলিন ব্যবহার করেন এমন রোগী এবং যাঁদের ঘন ঘন রক্তে শর্করা কমে যায়, তাঁদের জন্য সিজিএম বিশেষভাবে উপকারী হতে পারে।

এ ছাড়া যারা রক্তে শর্করা কমে যাওয়ার লক্ষণ বুঝতে পারেন না, তাদের জন্যও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত কিছু রোগী, বিশেষ করে যাঁরা ইনসুলিন ব্যবহার করেন অথবা শর্করার মাত্রা লক্ষ্যমাত্রায় রাখতে পারছেন না, তারাও চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করতে পারেন।

সিজিএম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসক ওষুধ বা ইনসুলিনের মাত্রা সমন্বয়, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ব্যায়ামের প্রভাব বুঝতে পারেন।

তবে যারা খাদ্যাভ্যাস, ব্যায়াম কিংবা ওষুধের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন এবং যাঁদের রক্তে শর্করার মাত্রায় বড় ধরনের ওঠানামা হয় না, তাঁদের সবার জন্য সিজিএম প্রয়োজন নাও হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে সাধারণ গ্লুকোমিটার পরীক্ষা করেই তাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন।

সিজিএম কি গ্লুকোমিটারের বিকল্প?

সিজিএম ব্যবহারে বারবার আঙুলে সূঁচ ফোটানোর প্রয়োজন কমলেও এটি সব ক্ষেত্রে সাধারণ গ্লুকোমিটার পরীক্ষার বিকল্প নয়।

চিকিৎসক বাথিনা জানান, সিজিএম সরাসরি রক্তের গ্লুকোজ পরিমাপ করে না; এটি ত্বকের নিচের কোষগুলোর মধ্যবর্তী তরলে থাকা গ্লুকোজের মাত্রা পরিমাপ করে। ফলে রক্তে শর্করা দ্রুত পরিবর্তিত হলে সেন্সরের তথ্য পেতে কিছুটা দেরি হতে পারে।

এ ছাড়া রোগীর শারীরিক উপসর্গের সঙ্গে সিজিএমের দেখানো ফলাফলের মিল না থাকলে আঙুল ফুটিয়ে রক্ত পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।

চিকিৎসকের পরামর্শ, সিজিএম থেকে পাওয়া তথ্য সঠিকভাবে বুঝে চিকিৎসার সিদ্ধান্ত নিতে হবে। শুধু যন্ত্রের দেখানো সংখ্যার ওপর নির্ভর না করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিকল্পনা করা জরুরি।