অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
ছবিঃ সংগৃহীত।
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে বিশেষজ্ঞেরা একে অভিহিত করছেন।এটি প্রতিদিন খাওয়ার একটি ওষুধ, যা সবচেয়ে প্রাণঘাতী ও চিকিৎসায় কঠিন এই ক্যান্সারের কিছু রোগীর টিউমার ছোট করছে, এমনকি নির্মূলও করতে পারে বলে মনে হচ্ছে।
প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় কেমোথেরাপির সঙ্গে ‘দারাক্সোনরাসিব’ ওষুধ পাওয়া প্রতি ১২ জনের একজনের ক্যানসার স্ক্যানে আর শনাক্ত হয়নি। শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া উন্নত অগ্ন্যাশয়ের ক্যানসারে সম্প্রতি আক্রান্ত হওয়া ৬১ জন অংশগ্রহণকারীর প্রায় সবার টিউমারের বৃদ্ধি থেমে গেছে। তবে চিকিৎসকেরা জোর দিয়ে বলছেন, রোগটি কত দিন নিয়ন্ত্রণে থাকবে তা স্পষ্ট নয় এবং একে নিরাময় হিসেবে দেখা উচিত নয়।
ক্যানসার রিসার্চ ইউকে অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীদের জন্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলেছে। সংস্থাটির ড. স্যাম গডফ্রে বিবিসি নিউজকে বলেন, এই নতুন ওষুধ ‘ওষুধে অসাধ্য’ বলে গণ্য বিষয়কে ওষুধের আওতায় আনার পথ খুঁজে পেয়েছে। অনেক দেরিতে হলেও আমরা অবশেষে অগ্ন্যাশয়ের ক্যান্সারে অগ্রগতি দেখছি।
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কুখ্যাতভাবে কঠিন এবং যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এতে বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমার কিছুটা ছোট হলেও ক্যানসার প্রায়ই আবার বাড়ে। উন্নত পর্যায়ের বেশির ভাগ রোগী কয়েক মাস বাঁচেন, বছর নয়। চিকিৎসকেরা আশা করছেন, নতুন চিকিৎসা রোগীদের বেশি সময় দিতে পারে।
পরীক্ষায় গড়ে দেড় বছর রোগীদের পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কারও কারও ক্যানসার ফিরে আসেনি। কোনও ক্যানসার সাময়িক উপশমে আনা যায় কি না এবং কত দিনের জন্য, তা বুঝতে দীর্ঘ গবেষণা দরকার।
প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি থেমেছে। ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে বা অদৃশ্য হয়েছে। প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের টিউমার সিটি স্ক্যানে শনাক্ত হয়নি।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের ড. ওয়ুংকি পার্ক পরীক্ষাটির সঙ্গে যুক্ত। তিনি বলেন, আমরা শুধু টিউমারের সাড়ার উচ্চ হারই নয়, গভীরতর সাড়া এবং রোগ নিয়ন্ত্রণের সময়কাল প্রায় দ্বিগুণ হতেও দেখছি, যা শেষ পর্যন্ত দীর্ঘ আয়ুতে রূপ নিতে পারে।
দারাক্সোনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ইনহিবিটর চিকিৎসা, যুক্তরাষ্ট্রে যা ইতিমধ্যে অনুমোদিত। অগ্ন্যাশয়ের বেশির ভাগ ক্যান্সারে থাকা এবং টিউমারের বৃদ্ধি ঘটানো ‘আরএএস’ নামের কিছু মিউটেশনকে এটি আটকে দিয়ে নিষ্ক্রিয় করে। ফুসফুস ও ডিম্বাশয়সহ আরও কয়েক ডজন ক্যান্সারে একই ধরনের মিউটেশন থাকতে পারে, ফলে ওষুধটি অন্য অনেক রোগীর কাজেও লাগতে পারে। ড. গডফ্রে বলেন, ক্যানসার ফিরে আসতে পারে। স্ক্যানে এর চিহ্ন না থাকলেও আরও সময় না যাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে আপনি ক্যানসারমুক্ত।
ইওআরটিসি-এনসিআই-এএসিআর সিম্পোজিয়াম ২০২৬ নামের ইউরোপীয় ক্যানসার সম্মেলনে গবেষণাটি উপস্থাপিত হচ্ছে। সম্মেলনের চেয়ার অধ্যাপক এলেনা গারালদা বলেন, এই ফলাফল দেখায়, সমন্বিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় এবং টিউমার আবার বাড়ার আগের সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
যুক্তরাষ্ট্রে সব ক্যান্সারের প্রায় ৩ শতাংশ এবং ক্যানসারজনিত মৃত্যুর প্রায় ৮ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসার, বছরে প্রায় ৫৩ হাজার মানুষের প্রাণ যায়। ব্রিটেনে প্রতিবছর এ রোগ ধরা পড়ে ১১ হাজার ৫০০ জনের এবং মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন।
উপসর্গের মধ্যে জন্ডিস, ত্বকে চুলকানি, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল, অব্যাখ্যাত ওজন হ্রাস, ক্লান্তি ও উচ্চ জ্বর থাকতে পারে।