৩ হাজার ৮০০ জনের দেশে আন্তর্জাতিক ক্রিকেট

৩ হাজার ৮০০ জনের দেশে আন্তর্জাতিক ক্রিকেট

ছবি: সংগৃহীত

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসতি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনই ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় করে নিজেদের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করেছে আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশটি। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জিতে স্মরণীয় করে রেখেছে নিজেদের এই ঐতিহাসিক আয়োজন।

ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, সেটি চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও ক্রিকেটের অনুকূলে থাকে না সব সময়।

সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ, কখনো এপ্রিল পর্যন্ত বাইরে ক্রিকেট খেলার সুযোগ থাকে। এরপর তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, সঙ্গে থাকে তুষারপাতের আশঙ্কা।

দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ অনেক কিছুই ভাবতে হয়। সপ্তাহে মাত্র একটি ফ্লাইট থাকায় কাজটা কঠিন।’

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল ও দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে ম্যাচ হতো। ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়। এরপর পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা। সিরিজের প্রথম দিনেই কোস্টারিকার বিপক্ষে ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজে তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা।