মেসি-রোনালদোকে কখনও ছুঁতে পারেনি, ব্যালন ডি’অর অভিশাপের শিকার এবার কেইন
ছবি: সংগৃহীত
পঞ্চম ইংরেজ খেলোয়াড় হিসেবে সম্মানজনক ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। চলতি বছরের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি। কিন্তু একমাস না যেতেই গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হলো তাকে। বলাবলি হচ্ছে, ব্যালন ডি’অর অভিশাপই কি তার এই ক্ষতির কারণ!
চলতি মৌসুমে ৭৩টি গোল করে ব্যালন ডি’অর জেতেন কেইন। বায়ার্ন মিউনিখকে এনে দিয়েছেন বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল শিরোপা। ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপেও ছিলেন দারুণ ফর্মে। ১৯৬৬ সালের বিশ্বকাপ জেতার পর সবচেয়ে বড় সাফল্য তারা পেয়েছে তৃতীয় হয়ে। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার হাতে নেন তিনি।
ব্যালন ডি’অর জেতার পর একমাসও যায়নি, গতকাল কোলোনের বিপক্ষে বুন্দেসলিগা ম্যাচে গোড়ালির গুরুতর চোট পান তিনি। ব্যালন ডি’অর পাওয়ার পর কিছুদিনের মধ্যেই খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার যে অতীত রয়েছে, তা ফিরিয়ে আনলেন কেইন—যাকে বলা হচ্ছে ব্যালন ডি’অর অভিশাপ।
সর্বপ্রথম এই অভিশাপের ভুক্তভোগী মার্কো ফন বাস্তেইন। ১৯৯২ সালে ট্রফি জেতার পরের দিন তাকে গোড়ালির অস্ত্রোপচার করাতে হয়েছিল। এ কারণে নাকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে গিয়েছিল।
এর সাত বছর পর অনুষ্ঠানের সপ্তাহখানেক আগে রিভালদো সাইডলাইনে চলে যান। তার বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট লাগে। ২০০১ সালে লিভারপুলে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে মাইকেল ওয়েন এই পুরস্কার পান। এর দুই মাসেরও কম সময়ের মধ্যে হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াড থেকে সরে দাঁড়ান।
সম্প্রতি এই অভিশাপের শিকার হওয়ার উদাহরণ রয়েছে তিনটি। প্রথমটি ২০২২ সালে, ব্যালন ডি’অর জেতার এক মাস পর পেশির সমস্যার কারণে ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল করিম বেনজেমাকে। ২০২৪ সালে পুরস্কার হাতে নেওয়ার মাসখানেক আগে ডানহাঁটুর এসিএল ইনজুরিতে পড়েন রদ্রি। ২০২৫ সালে যখন উসমান দেম্বেলে পুরস্কারটি হাতে নেন, তখন পেশির সমস্যায় ভুগে মৌসুমের ১৯ ম্যাচেই খেলা হয়নি তার।
তবে এই অভিশাপ যে সবাইকে ভুগিয়েছে তা কিন্তু নয়। পুরস্কারটি জেতার অল্প সময়ের মধ্যে ইনজুরি এড়াতে পারা খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনে মিলে ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু এই স্বীকৃতি পাওয়ার পর ইনজুরিতে পড়তে হয়নি তাদের কাউকে। মানে ১৩ বছর ব্যালন ডি’অর অভিশাপ ছুঁতেই পারেনি তাদেরকে।