‘হাসানের চোট ভোগাবে বাংলাদেশকে’
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হারের পর টাইগার শিবিরে অস্বস্তি বাড়িয়েছে চোট। ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। টেস্টের পর শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ডানহাতি এই তারকা পেসার। দ্বিতীয় টেস্টে হাসানকে মিস করবে দল। সেঞ্চুরিয়ানে আজ শনিবার খালেদ আহমেদ বলেন, 'অবশ্যই এটা আমাদের জন্য খারাপ দিক। সে (হাসান মাহমুদ) আমাদের গুরুত্বপূর্ণ একজন বোলার। এখন সে এখানে নেই, তাই তাকে আমরা মিস করব।'
প্রথম টেস্টে হার নিয়ে খালেদ বলেন, 'যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, সেটি নিয়েই ভাবছি। কোচের সঙ্গেও কথা হচ্ছে। পাশাপাশি এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়ে আমাদের দক্ষিণ আফ্রিকান কোচদের সঙ্গেও আলোচনা করছি।'
শেষ টেস্ট নিয়ে দলে থাকা দুই স্থানীয় কোচের সাথেও আলাপ করছে বাংলাদেশ, 'আমাদের এখানে দুজন সাউথ আফ্রিকান কোচ আছে তাদের সঙ্গেও আমরা আলাপ করছি কীভাবে খেলব। ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছি, শান্তও বলেছে আমরা অনেক ভুল করেছি।'