গৌরীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন, ঘাতক আটক
ছবিঃ সংগৃহীত।
ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকঘাতে শাহীন মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক দেলোয়ার হোসেন দিলুকে (৩০) ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে ঐ ইউনিয়নের বালুহা গ্রামের আব্দুল্লার ছেলে বলে পুলিশ জানায়। আর নিহত শাহীন একই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শাহীন প্রতিবেশীর উঠানে বসে কথা বলছিলেন। এ সময় দেলোয়ার সেখানে এসে রড দিয়ে শাহীনকে পিটানো শুরু করে। একপর্যায়ে দেলোয়ার ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করে। শাহীনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি এগিয়ে এলে দেলোয়ার ছুরি নিয়ে তাঁকেও তাড়া করেন, ফলে ভয়ে তিনি আর এগিয়ে যাননি।
স্থানীয় আরেক বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করে বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে রড ও ধারালো অস্ত্র ঘোরাফিরা করত। বিষয়টি তাঁর পরিবারকে জানালেও তাঁরা কর্ণপাত করেননি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।