বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, সিএনজির ৫ যাত্রী নিহত
প্রতীকী ছবি।
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন মা ও তার শিশুসন্তান রয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৫ জনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন।
পরে স্থানীয় লোকজন আহত মা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।