লামায় বেইলী সেতু ভেঙে এস্কেভেটরসহ ট্রাক খাদে, স্থানীয়দের দুর্ভোগ

লামায় বেইলী সেতু ভেঙে এস্কেভেটরসহ ট্রাক খাদে, স্থানীয়দের দুর্ভোগ

সংগৃহীত ছবি

বান্দরবানের লামায় এস্কেভেটর বহনকারী একটি ভারী ট্রাকের চাপে গজালিয়া-আজিজনগর সড়কের একটি বেইলি সেতু ধসে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গজালিয়া থেকে আজিজনগরগামী এস্কেভেটরবাহী ট্রাকটি সেতু পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে লোহার পাটাতন ও অবকাঠামো ভেঙে পড়ে। এ সময় ট্রাকটিও সেতুসহ নিচে পড়ে যায়।

সেতু ধসে পড়ায় দুই ইউনিয়নের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেইলি সেতুগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচলের কারণে আগেও একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, শিগগিরিই সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আপাতত বিকল্প সড়ক তৈরির কাজ চলছে। আগামী দু-এক দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।