চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৪৯
প্রতিকী ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ৮৪৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১৩৯ জন, পূর্ববর্তী মামলায় ১১৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৯ জন, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানা মূলে ১২৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ৩৪ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৫৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৭ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে কারাদণ্ডকে দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩২ টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৮ হাজার ৮৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ লিটার ৫০০ মি.লি চোলাইমদ এবং ১৫ কেজি ৭০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা: চট্টগ্রাম ১৪, কক্সবাজার ৪, কুমিল্লা ২৫, চাঁদপুর ১, নোয়াখালী ৬, ফেনী ২, লক্ষ্মীপুর ১১ এবং খাগড়াছড়ি ১০।
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৫৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ২৬, কক্সবাজার ১৯, কুমিল্লা ১৬৪, ব্রাহ্মণবাড়িয়া ১৬, চাঁদপুর ৯, নোয়াখালী ১৬, লক্ষ্মীপুর ২৯, রাঙ্গামাটি ১০, খাগড়াছড়ি ১৫ এবং বান্দরবান ৬ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।