গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, “সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখেই সরকার গণমাধ্যমকে সহায়তা করতে চায়।”

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বাকস্বাধীনতা অক্ষুণ্ন রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। ভবিষ্যতে যেন কোনো সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের আইনের অপব্যবহার করতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।”

তিনি বলেন, “গণমাধ্যম খাতে বর্তমানে সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ নানা সমস্যা রয়েছে। সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

তথ্যমন্ত্রী বলেন, “প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকতার পরিচয় এবং অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা জরুরি। বর্তমানে অনেক অনলাইন সংবাদমাধ্যম সম্পর্কে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলেই বাকস্বাধীনতার প্রশ্ন সামনে আসে। তাই গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই সমস্যাগুলোর সমাধান করতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামে অশালীন ভাষার ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ ও সাইবার হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “তিনি বিদেশে অবস্থান করছেন। দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তার দেশে ফেরার সুযোগ নেই।”

তিনি বলেন, “শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি সীমান্ত দিয়ে আসবেন এ নিয়ে আওয়ামী লীগের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাস্তবে দেশে ফেরার কোনো পদক্ষেপ তিনি নেননি। দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।”

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন তথ্যমন্ত্রী। তার দাবি, “কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভসহ দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।”

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশের জনগণের অর্থ লুটপাট ও গণহত্যা চালিয়ে যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তার ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনা হবে।”

ভারতের গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক কিংবা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এটি তাদের স্থানীয় রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল।”

অন্যদিকে, নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “নারী সাংবাদিকদের সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ এবং প্রকাশনা তালিকাভুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।”

ইয়াসের খান চৌধুরী বলেন, “নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নারীদের অবহেলা করার কোনো মানসিকতা সরকারের নেই। বরং নারীদের আরো এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।”

তিনি নারী ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “তার আমলেই নারীদের অবৈতনিক শিক্ষাসহ নারী ক্ষমতায়নের ভিত্তি রচিত হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাকে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের নেতৃত্বের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং নিমকোর উপমহাপরিচালক সবাই নারী। সরকারের মধ্যে নারী-পুরুষ বৈষম্যের কোনো সুযোগ নেই,” বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান, অর্থ সম্পাদক শাহনাজ পলি, সহসভাপতি শিরিন সুলতানা ও শারমিন রিনভীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।