জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

সংগৃহীত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে নেত্রকোণা জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

আজ সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফা পারভীনের সঞ্চালনায় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিফ ইনস্ট্রাক্টর ড. মো. আবু সাঈদ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাদাত সিদ্দিকী, সফল হাঁস খামারি ইয়াসিন মিয়া এবং নারী খামারি মোছা. লাকী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, অভ্যন্তরীণ বাজারে মাছ, মাংস, দুধ ও ডিমের জোগান নিশ্চিত করার পাশাপাশি এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ উদ্দেশ্য সফল করতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের আরও নিষ্ঠাবান হয়ে কাজ করার তাগিদ দেন তিনি।

পাশাপাশি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দপ্তর প্রাঙ্গণে ২৩টি বিভিন্ন ধরনের স্টল বসেছে।