রাজবাড়ীতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ীতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিকী ছবি

রাজবাড়ীর পাংশায় ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে মোছা. আকলিমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। সে পাংশা উপজেলার হাসাবপুর ইউনিয়নের আকমল মন্ডলের মেয়ে ও স্থানীয় কে রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন।

জানা গেছে, সোমবার দুপুরে আকলিমার টেস্ট পরীক্ষা ছিল।পরীক্ষা খারাপ হওয়ার কারণে তার বাবা-মা রাগ করেন। এ অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে নিহতের পিতা আকমল মন্ডল জানান, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল সোমবার তার শেষ পরীক্ষা ছিল।

পরীক্ষার বিষয়ে তাকে বেশি করে পড়ার জন্য বলা হয়। এরপর অভিমানে সে ইঁদুর মারার ট্যাবলেট খায়। পরে হাসপাতালে ভর্তি করা। রাত দেড়টার দিকে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে আকলিমা খাতুনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা প্রদান শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাত দেড়টার দিকে আকলিমা মারা যায়।