মেগা নিলামে দল পেলেন না মুস্তাফিজ

মেগা নিলামে দল পেলেন না মুস্তাফিজ

ছবি : সংগৃহীত

চলছে আইপিএলের মেগা নিলাম। তিন বছর পর পর হওয়া মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই দিনব্যাপী নিলামের শেষ দিন আজ সোমবার (২৫ নভেম্বর)। গোটা দুনিয়ার ক্রিকেট ভক্তদের চোখ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। কোন তারকা কোন দলে গেল, কত টাকায় কেনা হলো তাকে, ভক্তদের আগ্রহের জায়গা অনেক। এবার সেই আগ্রহে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকিয়েছিলে এবারও মুস্তাফিজকে আইপিএলে দেখার।

গত আসরের চেন্নাইতে খেলা ফিজের এবার ভিত্তি মূল্য ছিলো দুই কোটি রুপি। দ্য ফিজকে দলে পেতে এবারের মেগা নিলামে বিড করেনি কেউ।

গত আসরে চেন্নাইয়ের জার্সিতে নিজেকে নতুন রূপে পান মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্যে এসে আলো ছড়ান টুর্নামেন্টে। ৯ ম্যাচে নেন ১৪ উইকেট। তবু, তাকে ধরে রাখেনি চেন্নাই। সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম শুরুর আগে ফিজকে ছেড়ে দেয় সিএসকে। তবে গত আসরে টাইগার এই পেসারের পারফরমেন্সে সম্ভাবনা ছিলো নিলামে ফের তাকে দলে ভেড়ানোর। তবে শেষ পর্যন্ত তাকে কেউই দলে টানেননি। 

প্রথমবারের মতো ২০১৬ সালে আইপিএল খেলার সুযোগ পান মুস্তাফিজুর। বাংলাদেশি পেসার এরপর দল বদলেছেন চারবার। খেলেছেন মোট পাঁচটি দলে। সানরাইজার্স হায়দরাবাদে শুরু হওয়া যাত্রা, সর্বশেষ মৌসুমে শেষ হয় চেন্নাই সুপার কিংসে (সিএসকে) গিয়ে। এর মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে নিজের ঠিকানা খুঁজে নেন মুস্তাফিজ। 

আইপিএলে কার ভাগ্যে কখন কী হয় তা এই বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বলা কঠিন! গত আসরে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে রেকর্ড দামে কলকাতা কেনে মিচেল স্টার্ককে। সেই অজি পেসারের ঠিকানা হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে। এদিকে ইংলিশ তারকা অলরাউন্ডার স্যাম কারন গত আসতে ১৮ কোটি টাকায় যায় পাঞ্জাব কিংসে, সেই তাকে এবার চেন্নাই ভিড়িয়েছে ৩ কোটি ২০ লাখে।