ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সেমিনারটি আয়োজন করেছে ‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্তন ক্যানসার চিকিৎসায় অভিজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা, যিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগের এমএস (ফেজ বি) রেসিডেন্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ড. মাহবুবা সুলতানা, প্রক্টর শফিউদ্দিন আহমেদ এবং 'ইম্প্রেশন' স্ন্যাকস পার্টনার হিসেবে।
সেমিনারে বক্তারা স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, বাংলাদেশে প্রতি বছর ২০ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জন মারা যান। তবে অধিকাংশ নারীরা প্রাথমিক পর্যায়ে রোগটি উপেক্ষা করেন, যার ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ২০ বছর বয়স থেকে প্রতি মাসে একবার স্তন পরীক্ষা করা উচিত এবং ৪০ বছর বয়সের পর প্রতি বছর ম্যামোগ্রাম করা প্রয়োজন।
এ আয়োজনের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম ননীমা। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সামিউল ইসলাম হিরণ, শহীদুল্লাহ স্বপন, এস এম বাহার এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।
এই সেমিনারটি স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের প্রাথমিক স্তরে শনাক্তকরণে সহায়তা করার লক্ষ্যে আয়োজিত হয়।