হাজারীবাগে সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপের মূলহোতা হৃদয় গ্রেফতার

হাজারীবাগে সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপের মূলহোতা হৃদয় গ্রেফতার

ছবি : প্রতীকি

ঢাকার হাজারীবাগ এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রুপের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম এনামুল হক হৃদয় (২৭)। সম্প্রতি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি চাঁদাবাজির ঘটনায় একটি মামলা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে সেই ফুটেজগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের মূলহোতা এনামুল হক হৃদয়কে শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনী থানার কালকিনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে মামলা হওয়ার পরের দিন গত সোমবার রাত সাড়ে দশটার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রধারী চাঁদাবাজ দলের অন্যতম সদস্য মো. রাতুল ইসলামকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ ও ডিবি-রমনা বিভাগ।  

থানা সূত্রে আরও জানা যায়, এনামুল হক হৃদয় গত ১০ জানুয়ারি মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি নিজে আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থলে থেকে নেতৃত্ব দিয়েছেন ও ফাঁকা গুলি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও তাকে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে।

প্রসঙ্গত, সেবা হোল্ডিং লি. এর নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে তিনি একটি মামলা করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মাণাধীন ভবনের টিনের বেষ্টনীর ভেতর প্রবেশ করার চেষ্টা করে। এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনী পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এর আগে গত ৩০ ডিসেম্বর ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানকেসহ নির্মাণ শ্রমিকদেরকে ভয়ভীতি দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে ভবনের মালিককে সেই নম্বরে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একইভাবে ৫ জানুয়ারি এই সন্ত্রাসী দলের দুইজন সদস্য সেবা হোল্ডিং লি. এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লাখ টাকা চাঁদা প্রদান করতে হবে বলে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মাণাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রুপটি।

গ্রেফতার এনামুল হক হৃদয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।