আগামী মে-জুনে হবে চাকসু নির্বাচন

আগামী মে-জুনে হবে চাকসু নির্বাচন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ছাত্র সংসদ নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। প্রায় পঁয়ত্রিশ বছর পর আগামী মে-জুন মাসে চাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নিজ কার্যালয়ে ঢাকা মেইলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। 

তিনি বলেন, ‘আগামী মে-জুনে চাকসু নির্বাচন হবে। এজন্য আমরা নীতিমালা প্রণয়ন করতেছি। আগামী ২ ফেব্রুয়ারি চাকসু কমিটির মিটিং ডেকেছি। আস্তে আস্তে আমরা কাজ এগিয়ে যাবো।’

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই চাকসু গঠিত হয়েছিল। শিক্ষার মান, শিক্ষার্থীদের মানসিক সংস্কৃতির বিকাশ, ছাত্র-ছাত্রীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যবোধ ও রাষ্ট্রের দমনপীড়নের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার জন্যই গঠিত হয় এটি। 

প্রতিষ্ঠার পর প্রথম কেবিনেট নির্বাচন হয় ১৯৭০ সালে। পরের বছর ১৯৭১ সালেই হয় এর পরের নির্বাচন। এরপর ১৯৭৩ ও ১৯৮০ সালে হয় পরবর্তী দুইটি নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ফেবরুয়ারিতে। 

১৯৯০ সালে ছাত্র ঐক্য নেতা ফারুকুজ্জামান নিহত হওয়ার অযুহাতে বন্ধ করে দেয়া হয় চাকসু নির্বাচন। সেই থেকে আজ পর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে ছাত্র-ছাত্রীদের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রাণ কেন্দ্রটি।