মেহেরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে গণ মিছিল
ছবি : সংগৃহীত
মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপি।
আজ রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মেদ বিজনের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। এর আগে কাথুলী বাসস্ট্যান্ডে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ‘৬ বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না তারা আজ আহ্বায়ক কমিটি হয়েছে। এই আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে। এ কমিটি আমরা মানি না, কমিটি হবে শহীদ শামসুজ্জোহা পার্কে জনগণের সামনে, জনগণের কথায় হবে শেষ কথা।’