এই রঙের প্লাস্টিক ক্যানসারের ঝুঁকি বাড়ায় ৩০০ শতাংশ!
ছবি: সংগৃহীত
বর্তমানে মানুষ প্লাস্টিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অনেক বেশি সচেতন। রোজই নতুন নতুন গবেষণা হচ্ছে এ বিষয়ে। আর তাতেই উঠে আসছে প্লাস্টিকের নানা ক্ষতিকর দিক। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ এই প্লাস্টিক। নানা স্বাস্থ্য সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এটি।
সাম্প্রতিক এক গবেষণা একটি রঙের প্লাস্টিকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক খুঁজে পেয়েছেন। ২০২৪ সালের এপ্রিলে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, কালো রঙের প্লাস্টিকে ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। এই প্লাস্টিকের মাধ্যমে শরীরে পলিব্রমিনেটেড ডাইফিনাইল ইথারের পরিমাণ বেড়ে যায়। এ উপাদানটি বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য দায়ী। অর্থাৎ কালো রঙের প্লাস্টিক ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম।
২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত অন্য একটি গবেষণা অনুযায়ী, কালো রঙের প্লাস্টিকে ব্রমিনেটেড ফ্লেম রিটার্ডান্টস ও অরগানোফসফেট ফ্লেম রিটার্ডান্টসের পরিমাণ সর্বোচ্চ। ২০৩ ধরনের কালো রঙের প্লাস্টিকের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, সব ধরনের কালো প্লাস্টিকেই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই দুটো রাসায়নিক আছে। এই প্লাস্টিক যেভাবেই ব্যবহার করা হোক না কেন, এর মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো মানবদেহ ও পরিবেশে প্রবেশ করে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। ‘নিউরোটক্সিডিটি’র অন্যতম কারণ এ বিষাক্ত রাসায়নিক।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, কালো রঙের প্লাস্টিকের কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে, যা অন্য রঙের প্লাস্টিকে নেই বা পরিমাণে সামান্য। কালো রঙের প্লাস্টিকে ব্রোমিনের মাত্রা সর্বোচ্চ। এতে আছে উচ্চমাত্রার ফ্যালেটস ও বিসফেনল–এ (বিপিএ)। এসব বিষাক্ত উপাদানের সঙ্গে ক্যানসার ছাড়াও নানারকম স্বাস্থ্য সমস্যার সরাসরি সম্পর্ক আছে।
স্থূলতা, নিউরোডেভেলপমেন্টাল সমস্যা অথবা গর্ভধারণের ক্ষমতা হ্রাসের জন্য দায়ী এসব উপাদান। শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হন এতে। গর্ভাবস্থায় বিপিএর ব্যবহারে শিশুর ফুসফুসে সমস্যার কারণ হতে পারে। শিশুকালে শরীরে অতিরিক্ত বিপিএ প্রবেশ করলে পরবর্তীতে হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে।
কালো রঙের প্লাস্টিক দিয়ে তৈরি বক্স বা খাবার বা পানি গরম করলে বা সরাসরি ওভেনে দিলে এসব বিষাক্ত উপাদান খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়।