রাতে ফের ঢাকাসহ আশপাশের জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
ছবিঃ সংগৃহীত।
আজ দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানীর সড়ক। তবে রাত ৮টার মধ্যে ফের ঢাকাসহ এর আশপাশের জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ কামাল পলাশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বিকেল ৪টা ৫৫ মিনিটে দেয়া ওই পোস্টে ঢাকার আশপাশের জেলাগুলোয় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, ‘বিকেল ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি উত্তরপশ্চিম দিক থেকে এসে দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকার চারপাশের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
এদিকে আগামী ২ দিন ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে পরদিন মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।