আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালকে সুপার স্পেশালাইজড হিসেবে গড়ে তোলার পরামর্শ বিএমএন্ডডিসি’র
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের একটি উচ্চ পদস্থ টিম যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
মেডিকেল কলেজটির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ হতে এমবিবিএস কোর্সের স্বীকৃতি বর্ধিতকরণের নিমিত্তে সরকারের বিএমএন্ডডিসি কর্তৃপক্ষ এই পরিদর্শনে আসেন।
সোমবার সাত সদস্যের প্রতিনিধি টিম প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন। ক্যাম্পাসে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর ও আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। এসময় কলেজের অধ্যক্ষ, হাসপাতাল পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শক টিম প্রথমে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এনাটমি, ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি টিউটোরিয়াল বিভাগ, বিভিন্ন লেকচার থিয়েটার ও হাসপাতাল ভবন ঘুরে দেখেন।
পরে কনফারেন্স কক্ষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন বিএমএন্ডডিসির পরিদর্শন কমিটি। এসময় প্রতিষ্ঠানের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।
পরিদর্শন টিমের আহবায়ক হিসেবে নেতৃত্ব দেন বিএমএন্ডডিসি ঢাকার স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। কমিটির সদস্য হিসেবে সাথে ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. হুমায়ুন সাত্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: শরিফুল আলম খান, গাইনী এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলাবতি মন্ডল ও সদস্য সচিব বিএমএন্ডডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো: আনোয়ারুল হক ফরাজী।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে কমিটিকে অবহিত করেন কলেজ কর্তৃপক্ষ।
পরিদর্শন শেষে পরিদর্শন টিমের আহবায়ক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন কিছু বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত প্রদান করে প্রতিষ্ঠানটির ভুয়োশী প্রসংশা করেন। এটিকে দেশের সুপার স্পেশালাইজড মেডিকেল কলেজ হাসপাতালের মডেল হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।