নড়াইলে যৌথবাহিনীর অভিযানে আটক ৩

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে আটক ৩

ছবি : প্রতীকি

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের এক সদস্য ও মাদক কারবারে জড়িত দুইজনকে আটক করেছে।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূঁইয়ার ছেলে হায়দার ভূঁইয়া।

অভিযানে অনলাইন প্রতারণায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন মোবাইল অপারেটরের সিম, একটি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণা ও মাদকের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুব সমাজ বিপথগামী হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তিনজনকে আটক করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।