শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ মাউশির

ছবি: সংগৃহীত

মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টরি ও থিম সং প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাদকের কুফল সম্পর্কে প্রচার ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক প্রস্তুতকৃত একটি ডকুমেন্টরি ও থিম সং প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ দুটি উপকরণ দেখানোর ব্যবস্থা নিতে হবে।

এতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, এ বিষয়ে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে যেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা তথ্য গুগল ফর্মে জমা দেন৷ চিঠিতে একটি গুগল ডক লিংক (https://forms.gl/WkrL2CFc7RCSJugZ6) ও কিউআর কোডও সংযুক্ত করে দেওয়া হয়েছে।

এ ছাড়া বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে আঞ্চলিক পরিচালকদের মাধ্যমে সব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধানদের এই নির্দেশনা পৌঁছে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।