এবার অতীত নিয়ে অনুতপ্ত সালমান

এবার অতীত নিয়ে অনুতপ্ত সালমান

ছবিঃ সংগৃহীত।

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান এবার সোশ্যাল মিডিয়ায় নিজের এক আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন। পোস্টে উঠে এসেছে অনুশোচনা, উপলব্ধি আর জীবনের ভুল থেকে শেখার খোলা স্বীকারোক্তি। জানিয়েছেন, যদি বাবার উপদেশগুলো আরও আগেই মন দিয়ে শুনতেন, তাহলে জীবন হয়তো অন্যরকম হতে পারত।

রবিবার  (২৭ জুলাই) নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন,'বর্তমান কখনও অতীত হয়ে ওঠে, আর অতীত কখনও ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায়।

বর্তমানটাই আসল উপহার তাকে ঠিকভাবে ব্যবহার করো। ভুল করো না। বারবার করা ভুল এক সময় অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষ দিও না।

কেউ কখনও তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি নিজে থেকে করতে চাও না। '

পোস্টে আরও যোগ করেন, 'আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছিলেন। এগুলো খুবই সত্যি কথা। যদি আমি আগেই শুনতাম, তাহলে জীবনটা অনেকটাই আলাদা হতো।

তবে এখনও খুব দেরি হয়ে যায়নি। 'সালমানের এই মন্তব্য ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন ঠিক কী নিয়ে এত অনুশোচনা তার?

বলিউড ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত নানা বিতর্ক ও আইনি জটিলতা ঘিরে সালমান খান প্রায়ই শিরোনামে থেকেছেন। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা, ২০০২ সালের হিট অ্যান্ড রান কাণ্ড, এবং ব্যক্তিগত জীবনে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন। সব মিলিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি।

তারকা জীবনযাপনের আড়ালে থাকা এসব জটিলতা কি আজ তাঁকে আরও পরিণত করে তুলেছে? বাবার দেওয়া উপদেশ এখন হয়তো তাই নতুন করে ভাবিয়ে তুলেছে ‘দাবাং’ অভিনেতাকে।

প্রসঙ্গত, সালমান খান এখনো বলিউডের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় তারকাদের একজন। তবে সাম্প্রতিক সময়ে তার সিনেমা যেমন 'টাইগার ৩' বক্স অফিসে মাঝারি সাফল্য পায়, তেমনি পর্দার বাইরেও দেখা যাচ্ছে আরও সংবেদনশীল ও আত্মবিশ্লেষণী এক সালমানকে।